ভারতের নিজস্ব কোভ্যাকসিন ও অক্সফোর্ডের টিকা অনুমোদন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩৫

ভারতের হায়দরাবাদ ভিত্তিক ‘ভারত বায়োটেকের’ তৈরি কোভ্যাকসিন টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটি। ভারতের ড্রাগ কনট্রোলার জেনারেল ভিজি সোমানি রবিবার এক সংবাদ সম্মেলনে টিকা অনুমোদনের এই ঘোষণা দেন।

ভিজি সোমানি বলেন, স্থানীয় কোম্পানি ভারত বায়োটেকের টিকা ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ‘নিয়ন্ত্রিত জরুরি ব্যবহারের’ জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটি টিকাই নিরাপদ। নিরাপত্তার ব্যাপারে সামান্যতম উদ্বেগ থাকা কোনো কিছু আমরা কখনো অনুমোদন করব না। এই টিকাগুলো শতভাগ নিরাপদ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিল ভারত। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে গত ৩০ ডিসেম্বর এবং পরে আর্জেন্টিনাতেও অনুমোদন পায়। চূড়ান্ত অনুমোদন পেয়ে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করা যাবে বলে আশা করছে দেশটির সরকার।