সাদুল্লাপুরে গতকাল রবিবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। সভায় জেলা নেতাদের উপস্থিতিতে দল থেকে (সম্প্রতি) বহিষ্কৃত কয়েক জন নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাহারিয়া খান বিপ্লব জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দলীয় (নৌকা) প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল হক রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে। এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক জন নেতা। এ কারণে দল থেকে ১৬ জন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়।
নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঐ ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান, উপজেলা আওয়ামী লীগ তাদেরকে অনিয়মতান্ত্রিকভাবে দল থেকে বরখাস্ত করেছে। কিন্তু এক বছর পরেও এই সংক্রান্ত কোনো কাগজপত্র তারা পান নাই। আবার বর্ধিত সভাতেও তাদেরকে ডাকা হয় নাই। এই কারণে সভাস্থলে তারা নেতাকর্মীসহ গিয়েছিল। সেখানে একটু কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
