সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার :পুনরায় ফ্লাইট চালু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৪১

গতকাল রোববার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের সৌদি আরবে প্রবেশ করা যাবে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সৌদি আরবে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে। গত মাসে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনার নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

আলজাজিরা জানায়, দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। করোনা ভাইরাসের কারণে কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে। ঐসব দেশ থেকে যেসব সৌদি নাগরিক জরুরি প্রয়োজনে দেশটিতে ফিরবেন, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গতকাল বেলা ১১টা থেকে সাগর, স্থল ও আকাশপথে সৌদি আরবে প্রবেশ করা যাবে।