ইরানে বেপরোয়া হামলা চালাতে পারেন ট্রাম্প

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৪১

ইরানে আকস্মিকভাবে বেপরোয়া হামলা চালাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শাসন ক্ষমতার শেষ কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। আর এই সুযোগে ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। এদিকে ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে এবং ইসরাইলের পাতানো ফাঁদে পা না দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে।—খবর আলজাজিরার

ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রথম বার্ষিকী পালিত হয়েছে গতকাল। এর আগে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং মধ্যপ্রাচ্যে গত বুধবার বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এক মাসেরও কম সময় হোয়াইট হাউজে আছেন। কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন মিত্র ইসরাইল এবং সৌদি আরবের চাপে আছেন বলে মনে করেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের সহকারী পরিচালক ড্যানি পোস্টেল। আলজাজিরাকে দেওয়া সাক্ষাত্কারে পোস্টেল বলেন, মেয়াদের শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বিপজ্জনক আচরণ করতে পারেন। এমনও হতে পারে এই সময়ের মধ্যেই তিনি বড় ধরনের ভয়ানক আচরণ করতে পারেন। 

ইরানের হুঁশিয়ারি

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার মাধ্যমে যুদ্ধের উসকানি দিচ্ছে ইসরাইল। এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইসরাইল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়। জাভেদ আরো বলেন, ফাঁদে না পড়তে সতর্ক থাকুন ট্রাম্প। সেসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জারিফ বলেন, আগুন নিয়ে খেলার কঠোর জবাব দেওয়া হবে।