সংসদ নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতে এই বিজয় উত্সব :ফখরুল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

সংসদ নির্বাচনের ‘নৈতিক পরাজয়’ ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে আওয়ামী লীগ বিজয় উত্সব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভয়াবহ ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে। এই ডাকাতিকে তারা উত্সব হিসেবে পালন করছে। এখান থেকেই বোঝা যায় যে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। একইভাবে দলটি ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, মানুষের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছিল। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের জন্মদিনে শপথ নিয়েছি আমরা গণতন্ত্রকে মুক্ত করব।

‘ঐক্যফ্রন্টে বিরোধ নেই’:জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির কোনো টানাপোড়ন সৃষ্টি হয়েছে কিনা প্রশ্ন করা হলে ফখরুল বলেন, আমাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) মধ্যে কোনো টানাপোড়ন নেই। জাতীয় ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে। ফ্যাসিবাদী সরকার অবশ্যই জনগণের কাছে পরাজিত হবে বলে আমরা বিশ্বাস করি।

এর আগে সকাল ১০টার পর জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুলসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রুহুল আলম চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী প্রমুখ।