বিএনপির দুই দিনের মানববন্ধন কর্মসূচি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০০:০৬

দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি হচ্ছে—দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন এবং আগামী ১০ জানুয়ারি সারা দেশে পৌরসভা এবং মহানগরে মানববন্ধন। শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত এই কর্মসূচির সিদ্ধান্ত গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাক-সবজির দাম বেড়েছে। এটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। আমরা এও মনে করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এ দাবিতেও আমাদের কর্মসূচি থাকবে।’

পৌরসভা নির্বাচনের ঘটনা প্রবাহ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, তাদের যে উদাসীনতা, তাদের যে দুর্নীতি এবং পুরোপুরিভাবে বলা যেতে পারে একটা পক্ষপাতিত্ব নির্বাচন করবার যে উদ্দেশ্য, সেগুলোর বিরুদ্ধে আমরা বারবার বক্তব্য রেখে আসছি। তিনি বলেন, এ নির্বাচন কমিশন ব্যালট বলুন আর ইভিএম বলুন কোনোটাতেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয়। আমরা মনে করি, এই কমিশন একেবারেই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ করা উচিত একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১০ জানুয়ারি পৌরসভা ও মহানগরীতে মানববন্ধন করবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

শনিবার বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।