অবৈধ সম্পদের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গতকাল রবিবার তার জামিন মঞ্জুরের আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। এই জামিন মঞ্জুরের ফলে মীর নাছিরের কারামুক্তি পেতে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে মীর নাছিরের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
অবৈধ সম্পদের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের নির্দেশে এই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিলের ওপর হাইকোর্টে পুনঃ শুনানি হয়। ২০১৮ সালের ১৯ নভেম্বর বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরকে ১৩ বছর ও মীর হেলালের তিন বছরের সাজা বহাল রাখে। একই সঙ্গে বিশেষ আদালত মামলার রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদের সেখানে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ১৩ আগস্ট হাইকোর্টের রায়ের অনুলিপি বিশেষ আদালতে পৌঁছায়। এরপরই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন চান তিনি।
