রাজধানীর পূর্ব কাজিপাড়ার একটি বাসা থেকে গৃহবধূর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম মোনালিসা লাবিবা রিপা আক্তার (২৫)। গতকাল শনিবার সকালে কাফরুল থানা পুলিশ পূর্ব কাজিপাড়ার ২৪/৫ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলার একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে। গতকাল বিকালে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গ থেকে ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, রিপা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মৃত রিপার কাকা মিনহাজ উদ্দিন জানান, ১০ বছর আগে নেত্রকোনার মামুনের সঙ্গে রিপার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ কারণে বছরখানেক আগে রিপা মামুনের কাছে তার দুই বাচ্চা রেখে একা একা ঢাকায় চলে আসে। এরপর রিপা একটি বিউটি পার্লারে কাজ শুরু করে। এবং পূর্ব কাজিপাড়ায় রুম ভাড়া নিয়ে থাকত। গতকাল পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়ে আমরা লাশ নিতে এসেছি।
কাফরুল থানার এসআই রেজাউল করিম জানান, ওই বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকালে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত করছে।
