২৫০ মিলিয়নে রোনালদো!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৯:০৫

যত দিন যাচ্ছে নিজের রেকর্ডের পাতাটা ততোটাই সমৃদ্ধ করে চলেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা শুধু মাঠের পারফর্মেন্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। এইতো এবার নিজের করে নিলেন মাঠের বাইরের আরো এক রেকর্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আড়াইশো মিলিয়ন ফলোয়ারের মালিক হলেন জুভেন্টাসের এই সুপারস্টার।

চোট এবং করোনায় আক্রান্ত হওয়ার কারণে চলতি মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। কিন্তু তাতেও তার দলগত পারফর্ম্যান্সে খুব প্রভাব পড়েনি। এখন পর্যন্ত তুরিনের ক্লাবটির হয়ে মোট ১৬ গোল করে ফেলেছেন তিনি। এরমধ্যে ইতালিয়ান সিরিআতে ১২ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৪ বার জালের দেখা পান তিনি। এছাড়া পর্তুগালের জার্সি গায়ে করেন ৪ গোল ।

সিরিআর গতকালের (৩ ডিসেম্বর) ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছেন রোনালদো। তার ৩১ এবং ৭০ মিনিটের গোল দুটির উপর ভিত্তি করেই ঘরের মাঠে উদিনেসকে ৪-১ ব্যবধানে হারায় জুভেন্টাস। বাকি দুইবার জালের দেখা পান ফেদেরিকো চিয়েসা এবং পাওলো দিবালা। চলতি মৌসুমে ১৪ ম্যাচে সাত জয় তাদের, পয়েন্ট ২৭। গতবারের লিগ চ্যম্পিয়নরা অবস্থান করছে টেবিলের পাঁচে।

ইত্তেফাক/টিআর