নদী পথে পাচারের সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চিরিঙ্গা শুল্ক ফাঁড়ির বনকর্মীরা কর্ণফুলী নদীতে চোরাই কাঠ বোঝাই ট্রলার জব্দ করেছেন। সোমবার ভোর রাতে জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৭‘শ ঘনফুট। দুই দফায় সেগুন, গামার, জারুল, জাম ইত্যাদি প্রজাতির ১৯‘শ ঘনফুট পরিমাণ কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
স্থানীয় বন বিভাগ জানায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশে কর্নফুলী নদী পথে চট্টগামের দিকে পাচারের সময় রাঙ্গুনিয়া রেঞ্জের চিরিঙ্গা শুল্ক ফাঁড়ির বনকর্মীরা চ্যালেঞ্জ করে ট্রলারটি আটক করে।
এর আগে বনকর্মীরা গত ১ জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকা থেকে ৪ ট্রাকভর্তি ১২‘শ ঘনফুট পরিমাণের সেগুন কাঠ উদ্ধার করেছেন।
রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির দুপুরে জানান, গভীর রাতে আটককৃত ট্রলার থেকে কাঠ উদ্ধার কাজ চলছে। সেগুন কাঠ এবং ট্রাক চারটি বন বিভাগের হেফাজতে আনা হয়েছে।
ইত্তেফাক/এএএম
