গতকাল ৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে ‘মোক একনা ঘর দেন বাবা’-এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিষয়টি রংপুর জেলা পুলিশ প্রশাসন এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এর দৃষ্টিগোচর হয়। ওই সংবাদের প্রেক্ষিতে শ্রবণ প্রতিবন্ধী আমেনা বেগমকে (৯৪) সহায়তার হাত বাড়িয়ে দেয় উপজেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, এসআই ফারুক গত ৩ জানুয়ারি রাতে অসহায় আমেনার বাড়িতে যান। এ সময় তারা আমেনা একটি ঘর দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। সেই সাথে তাকে দুটি কম্বল প্রদান করেন। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার তাকে তিনটি কম্বল ও কিছু গরম কাপড় প্রদান করা হয়।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম আমেনা বেগমকে একটি ঘর দেওয়ার কথা ইত্তেফাক সংবাদদাতাকে নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএএম
