ফুটবল খেলা নিয়ে মাঠেই সংঘর্ষ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৫:৫৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রবিবার বিকালে উপজেলার ডোননদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সংঘর্ষের ছবি ও ভিডিও ধারন করতে গেলে তাদের উপর হামলা করা হয়। 

এ সময় রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি কাউছার হোসেনের মোবাইল এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার সকালে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডোননদী দিগন্ত ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। ম্যাচের ফাইনাল খেলায় নোয়াগাও যুব ক্রিয়া যুব সংগ বনাম ডোননদী ক্রীড়া সংঘের মধ্যে খেলা চলছিল। ম্যাচ পরিচালনা কমিটির বিতর্কিত সিদ্ধান্তের কারণে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে ডোননদী দিগন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা সফিকুল ইসলাম নানার নেতৃত্বে একটি গ্রুপ লাঠি, টেটা নিয়ে নোয়াগাও ক্রীড়া সংঘের সমর্থকদের উপর হামলা করে। 

এ সময় দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। 

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে। সাংবাদিকদের ক্যামেরা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ