এটি ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড’: ইমরান খান
বিবিসি
পকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনির ১১ জন শ্রমিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম অঞ্চল। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার অদূরে এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ঐ শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে। সশস্ত্র জঙ্গিরা ঐ শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুই হাত একসঙ্গে বাঁধা ছিল।
বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ছয় জন শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত বাকি পাঁচ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত শ্রমিকেরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠী বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে। এ ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রনমন্ত্রী ইমরান খান। হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রতিবাদকারীরা লাশগুলো বেলুচিস্তানের প্রধান একটি সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ মানুষ সড়কে টায়ার জ্বালিয়ে দেয়। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।
