রাজধানীর উত্তরা, তুরাগ ও দক্ষিণখানের পৃথক ৪টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: হানিফ জানান, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তুরাগের বাউনিয়া বাদালদী গ্রামে তিতাস গ্যাসের রাইজার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টর ২৮ নম্বর রোডের একটি বাড়ির ৫ম তলায় আগুন লাগে। ওই বাড়ির বাথরুমের ফল্স ছাদের গরম পানির গিজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর ১৭ নম্বর রোডের একটি বাড়ির সামনে গ্যাস লাইনে হঠাত্ করে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদের একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই বাড়ির একটি রুমে ফ্রিজের লাইনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
