সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে সৈয়দপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিত্সাসহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের আয়োজনে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিনা মূল্যে চিকিত্সাসহায়তা কার্যক্রম পরিচালিত হয়। চিকিত্সাসহায়তা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চার জন বিশেষজ্ঞ চিকিত্সকের চিকিত্সাসেবায় কার্যক্রম পরিচালিত হয়। বিশেষজ্ঞ চিকিত্সকরা হচ্ছেন—সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইএনটি বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার, চক্ষু বিশেষজ্ঞ মেজর এ কে এম মঞ্জুর মোর্শেদ, ডিও, সার্জারি বিশেষজ্ঞ লে. কর্নেল শেখ সাব্বির আহেমদ এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা।
