ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
এক প্রার্থীর মৃত্যুতে ত্রিশাল পৌরসভার মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে। সোমবার জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম এক গণবিজ্ঞতিতে এ তথ্য জানান। রবিবার সন্ধ্যায় পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম এ এ এস আলম বাবলু হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে শুধু মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, এম এ এ এস আলম বাবলু স্বতন্ত্র ও বৈধ প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে শুধু মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে। পরবর্তী সময় আবার নতুন করে তপশিল ঘোষণা করা হবে।
সৈয়দপুরে দ্বিমুখী লড়াইয়ের আভাস
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুর পৌরসভা নির্বাচন এরই মধ্যে প্রচার-প্রচারণায় জমে উঠেছে। প্রার্থী, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহান (নৌকা), জাতীয় পার্টির আলহাজ সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার (নারিকেল গাছ) ও রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) লড়ছেন। তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ও আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহানের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা। ভোটার ও মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলে এ আভাস পাওয়া গেছে। প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন রাফিকা আকতার জাহান ও সিদ্দিকুল আলম। চারবার নির্বাচিত মেয়র অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় এখনো ভোটের মাঠে নামতে পারেননি। কর্মী ও সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, আগামী ১৬ জানুয়ারি পৌরসভার ভোট হবে ইভিএম পদ্ধতিতে। কোনো প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন না করেন সেদিকে নজর রাখা হচ্ছে।
