নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন
ডিএমপির
ইত্তেফাক রিপোর্ট
মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে ম্যারাথন। এতে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সকালে ডিএমপি সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের মো. ইলিয়াস, ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম) মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, মিলিটারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা লে. কর্নেল এ এস এম সেফাউল ইসলামসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, আর্মি স্টেডিয়াম থেকে ৪২.১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১.০৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা- হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে)। ফুল ম্যারাথনে অংশ নেবেন ১০০ জন, যা শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায়। অপরদিকে ১০০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হবে সকাল ৬.৪০টায়। ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে দৌড়ে অংশ নিতে হবে। অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশগ্রহণ করবেন।
