তৃতীয় দিনের মতো শনাক্ত হাজারের নিচে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:১৯

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯১০ জন। দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন দিন করোনা ভাইরাসে শনাক্ত রোগী হাজারের নিচে থাকল। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন। আর গত এক দিনে মারা যাওয়া ২৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯১৭ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮০টি ল্যাবে ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৮৯৩টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৫৩০টি।