মাধ্যমিকের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি এ শিক্ষাবর্ষেই

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:২৯

চলতি (২০২১) শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম) শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার ক্ষেত্রে আগের মতো আর রোল নম্বর থাকছে না । এতে দৈবচয়ন পদ্ধতি বা নামের বানান ক্রম অনুসারে আইডি নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে আঞ্চলিক পরিচালক, উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় ।

আদেশে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশে অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নম্বর প্রদান করা যথাযথ হবে কি না, তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে, যা শেষ পর্যন্ত গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। গুণগত শিক্ষা অর্জনে প্রতিযোগিতার মনোভাব নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে।

পরিস্থিতি বিবেচনায় আদেশে দৈবচয়ন পদ্ধতিতে এবং শিক্ষার্থীর নামের বানানের ক্রম অনুসারে আইডি নম্বর প্রদান করার অনুরোধ জানানো হয়।