বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবার পর গত ১১ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সঙ্গে থাকা মেয়ে চুমকি রানী ঘোষ ও ছেলে রুদ্র কুমার ঘোষেরও কোন খোঁজ পাওয়া যায়নি।
শিল্পী উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের দীপঙ্কর ঘোষের স্ত্রী। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন স্বামী দীপঙ্কর ঘোষ।
দীপঙ্কর ঘোষ জানান, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) তার শ্বশুরবাড়ি তালা উপজেলার খেশরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান গত ২৫ ডিসেম্বর। সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ঝড়গাছার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের কাছে থাকা মোবাইল (০১৭৫৬-৯৬৯৭৯২ ও ০১৭০৭-৬৮৫১৫৩) বন্ধ পাওয়া গেছে।
দীপঙ্কর ঘোষ জানান, তিনি তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় একটি জিডি করেছেন (যার নম্বর-৯৯০, ২৭/১২/২০২০)। পুলিশ তাদের খুঁজে পাবার বিষয়ে এখনও কোন ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কি ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, আমরা জিডির সূত্রধরে খোঁজাখুঁজি করছি।
ইত্তেফাক/এমআর
