প্রকাশক দীপন হত্যা

আত্মপক্ষ সমর্থন শেষ, সাফাই সাক্ষী ১১ জানুয়ারি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০০:০৮

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় আসামি পক্ষে সাফাই সাক্ষীর জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান গতকাল সোমবার এ দিন ধার্য করেন।

গতকাল কারাগারে থাকা এই মামলার ছয় আসামি ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য রাখেন। সেখানে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এরপর আসামি পক্ষে সাফাই সাক্ষীর জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়।

২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ দিনই তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর আট জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। ২০১৯ সালের পহেলা ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।