উইলিয়ামসনের ৭ হাজার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৩:৪১

ধারাবাহিকতার মূর্ত প্রতীক কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ফরম্যাট যদি হয় টেস্ট তাহলে তো কথাই নেই। শেষ কয়েক বছর যাবৎ সাদা পোশাকের ম্যাচে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না এই কিউই ব্যাটসম্যানকে। এর সুবাদে এবার প্রবেশ করলেন টেস্টে সাত হাজারি রানের ক্লাবে।

সাত হাজার থেকে ১২৩ রান দূরে থাকতে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামেন এই প্রতিভাবান ব্যাটসম্যান। শুধু এই ফলকই স্পর্শ নয়, হাঁকান ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৩৮ রান। তার ৩৬৪ বলের ইনিংসটি সাজানো ২৮টি চারে।

টেস্ট ইতিহাসে ৫৩তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করলেন উইলিয়ামসন। এ জন্য তাকে খেলতে হয়েছে ১৪৪ ইনিংস। কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে পেছনে ফেললেন ব্রায়ান লারা, রিকি পন্টিংদের। ৭ হাজার রানে পৌঁছাতে দুই কিংবদন্তি খেলেন যথাক্রমে ১৪৬ ও ১৪৫ ইনিংস। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। মাত্র ১২৬ ইনিংসে ৭ হাজার রানের গণ্ডী পার হয়েছেন তিনি।

উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির দিনে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৬৫৯ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে কিউইরা। এ ছাড়াও শতক হাঁকান হেনরি নিকোলাস এবং ড্যারেল মিচেল। তাতেই প্রথম টেস্টের মতোই ইনিংস হারের শঙ্কায় আছে সফরকারী পাকিস্তান।

ইত্তাফাক/টিআর