ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি নিহতের স্বামী মো.আক্কাস ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল। আক্কাস ফকির উপজেলার মাইলাইল এলাকার ঘোনাই ফকিরের ছেলে। ওসি মোস্তফা বলেন, গৃহবধূ পারুল আক্তার (৩৮) হত্যার ঘটনায় তার ছোট ভাই জুয়েল নিহতের স্বামী আক্কাসকে একমাত্র আসামি করে ঘটনার দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে আক্কাস বাগমারা এলাকায় রয়েছে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার দীঘিরপাড় এলাকার নিজ ঘর থেকে গৃহবধূ পারুলের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী সন্তান নিয়ে দীঘিরপাড় এলাকায় পারুলের বাবার বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তারা।
