ঈশ্বরদী পৌর নির্বাচন

জয় পেতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, দ্বিধাবিভক্তিতে বিএনপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৬:২৫

১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিজয়ী হতে চায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এই বার্তা জানিয়েছেন।

তিনি বলেন, ঈশ্বরদীর আওয়ামী লীগ লৌহ দৃঢ়তায় ঐক্যবদ্ধ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথার নৌকার বিজয়ের লক্ষ্যে দলীয় ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ মনোনয়ন প্রত্যাশী সকলেই নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য শীতকে উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।

নৌকার বিজয়ের জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন। নৌকার প্রচারণার প্রস্তুতির জন্য কয়েকদিন একের পর এক অনুষ্ঠিত সভায় নেতা-কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়েছে।

এদিকে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। বিএনপি এখানে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঈশ্বরদীতে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান ঘন ঘন পরিবর্তনশীল। নেতা-কর্মীরা কখনও হাবিবের, আবার কখনও সাবেক এমপি সিরাজ সরদারের সাথে। পূর্বের মতো এই দ্বন্দ্বের বহি:প্রকাশ ঘটে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সংসদ ও উপজেলা পরিষদের উপনির্বাচনে। পৌর নির্বাচনেও এই অবস্থা বিরাজ করায় ধানের শীষের প্রার্থী পোস্টার লাগানোর লোক পাচ্ছেন না। হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীর সকল কমিটি অবলুপ্ত করার পর থেকে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। 

পৌর বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বাধীন পৌর এলাকার বৃহৎ অংশটি মেয়র নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করলেও হাবিব তার পছন্দের প্রার্থী রফিকুল ইসলাম নয়নের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে সহায়তা করায় পিন্টুর লোকজন নির্বাচনের মাঠে নেই।

নির্বাচন প্রসঙ্গে জাসদ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবুল খালেক বলেন, ১৪ দলের পক্ষ হতেও ইছাহক মালিথাকে সমর্থন দেওয়া হয়েছে। তাই আমরা শত ভাগ বিশ্বাস করি নির্বাচনে ১৪ দলীয় জোটের সমর্থিত নৌকার প্রার্থী ইছাহক মালিথা বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন।

ইত্তেফাক/জেডএইচ