বাউফলে বিরল প্রজাতির কচ্ছপ দিয়ে পিকনিক!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:৪৬

বাউফলে বিরল প্রজাতির কচ্ছপ জবাই করে পিকনিক করেছে স্থানীয় যুবকরা। পাশাপাশি জবাই করা কচ্ছপের রক্তমাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর নিয়ে জানা গেছে, যুগল নামের এক যুবক বাউফলের কালাইয়া খাল থেকে একটি বিরল কচ্ছপ শিকার করেন। প্রায় ১২ কেজি ওজনের ওই কচ্ছপটি কোথাও বিক্রি করতে না পেরে রবিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে কালাইয়া লঞ্চঘাট এলাকার মণ্ডল বাড়ির কয়েক যুবক ঐ কচ্ছপটি জবাই করে তার মাংস দিয়ে পিকনিক করে।  ঐ সময় উৎসুক কয়েক যুবক মোবাইল ফোনে কচ্ছপটির জবাই করা রক্তাক্ত ছবি ধারণ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। তবে আইনি জটিলতার ভয়ে কচ্ছপ জবাই ও পিকনিক খাওয়ার সঙ্গে জড়িত কেউ এ প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হননি। 

আরো পড়ুনঃ জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা, বাদির ৭ বছর জেল

তবে বন্য প্রাণী আইন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে প্রকাশ্যে কচ্ছপ আহরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।  

এ ব্যাপারে বাউফলের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘কচ্ছপ একটি জলজ প্রাণী।  আর জলজ প্রাণী হত্যার অপরাধে দায়ী ব্যক্তির আর্থিক জরিমানাসহ কারাদণ্ড হতে পারে। আমরা খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’


ইত্তেফাক/এমএএম