দুই ছবিতে শ্রেষ্ঠ জয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:২৯

বিনোদন রিপোর্ট

করোনা মহামারি সারাবিশ্বকে স্তব্ধ করে রেখেছিল অনেকদিন। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকের পথে হাঁটলেও দীর্ঘদিন মানুষকে থাকতে হয়েছে ঘরবন্দি। আর এই ঘরে বন্দি থাকার একঘেঁয়েমি দূর করেছে ওটিটি প্লাটফর্মগুলো। পৃথিবীর অন্যান্য দেশের সিনেপ্রেমীদের মতো বাঙালি দর্শকরাও ওটিটি প্লাটফর্মগুলোতে খুঁজেছেন বিনোদনের রসদ। পরিচালক-প্রযোজকরাও সিনেমা হল বন্ধ থাকায় তাদের নির্মিত ছবিগুলো মুক্তি দিয়েছেন ওটিটি প্লাটফর্মে। সেই তালিকায় ছিল দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছবি ‘রবিবার’ ও ‘কণ্ঠ’। ছবি দুটি ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-এ মুক্তি দেওয়া হয়। ‘রবিবার’ ছবিটিতে অভিনয় করে এরইমধ্যে জয়া একাধিক পুরস্কার অর্জনের পাশাপাশি হয়েছেন প্রশংসিত। এবার তার জয়ের মুকুটে যুক্ত হলে আরো একটি পালক। বছর শেষে ‘হইচই’ শেয়ার করেছে বছরের সেরাদের তালিকা। এই সেরার তালিকায় এসেছে অভিনেত্রী জয়া আহসানের নাম। ‘কণ্ঠ’ এবং ‘রবিবার’-এর জন্য ‘বেস্ট পারফর্মেন্স অব দ্য ইয়ার’ (মুভি) পুরস্কার জিতেছেন জয়া। অপরদিকে সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ডের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী। ফেসবুকে জয়া আহসান লিখেছেন, ‘এই সম্মানের জন্য ধন্যবাদ টিম হইচই। কণ্ঠ এবং রবিবারের পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।’ জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য পুরস্কার প্রদান করেছে হইচই।