গুলি করে বিকাশকর্মীর টাকা ছিনতাই

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইরে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জামশা সারারিয়া ব্রিজে এমনটি ঘটে। জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিঠু জানান, মানিকগঞ্জ থেকে আসা বিকাশকর্মী এস আর লিটন জামশা সারারিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। সারারিয়া ব্রিজের ফাঁকা স্থানে পৌঁছালে পেছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে ছিনতাইকারীরা লিটনের পথ গতিরোধ করে। প্রথমটি ফাঁকা এরপর তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করতে থাকে তারা। এক পর্যায়ে লিটনের হাঁটুতে গুলি করে বিকাশ কার্ড ও টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গুলিবিদ্ধ লিটনকে আশঙ্কাজনক অবস্থায় জামশা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিত্সক তার পায়ের হাঁটু থেকে দুইটি গুলি বের করে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সুস্থ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কত টাকা ছিনতাই হয়েছে।

থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, এটা দস্যুতা। পিস্তল দেখিয়েছে কিন্তু ফায়ারিং হয়নি। মোটরসাইকেলের প্লাগশর্ট হয়ে যে শব্দ হয়েছে ওটাই গুলির শব্দ মনে করে সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। টাকা নেয়নি তবে বিকাশের কার্ড নিয়েছে। কত টাকা নিয়েছে তার হিসাব এখনো হয়নি। এ ব্যাপারে মামলা হয়েছে।