দুর্নীতির দায়ে ওএসডি প্রকল্প পরিচালক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

সরকারি তদন্তে দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খানকে ওএসডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে তাকে ওএসডি করা হয়েছে। সরকারি তদন্তে তার বিরুদ্ধে অন্তত ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদার্থবিদ্যা বিষয়ের অধ্যাপক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এই আদেশে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত এই প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেনকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি প্রমাণ হওয়ার পরও নিজের চেয়ার দুই মাসেরও বেশি আঁকড়ে ধরে ছিলেন ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক । শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ‘পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরে’র (ডিআইএ) এক তদন্তে এ প্রকল্প পরিচালকের অর্থ আত্মসাতের ঘটনা ধরে পড়ে। এই প্রকল্প পরিচালকের আত্মাসাত্ করা ১৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করে। যদিও এই অর্থ তিনি জমা দেননি। গত বছরের অক্টোবর মাসে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।