ইত্তেফাক রিপোর্ট
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিতে (অস্থায়ী) শ্রমিক। গতকাল মঙ্গলবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দপ্তরের সামনে এ বিক্ষোভ হয়। শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুন মাস থেকে তারা দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা হয়। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দপ্তরে সংযুক্ত করা হয়। তখন থেকে নিয়মিত হাজিরা নেওয়া হচ্ছে তাদের। সচিব দপ্তরে নিয়মিত দায়িত্বও পালন করছেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনো পাননি তারা। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থাও নেয়নি। এতে পরিবার নিয়ে তারা বিপদে রয়েছেন। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের জানান, বেতন পাচ্ছেন না, এটা ঠিক না। ডিএসসিসির বিভিন্ন অঞ্চলে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। শিগিগর এ সমস্যার সমাধান করা হবে।
