পি কে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:৪২

সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পি কে) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার মাসহ ২৫ নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইমিগ্রেশন পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছে। এসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়। প্রয়োজনে তদন্তের স্বার্থে যে কোনো সময় এসব নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে দুদককে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, হারুনুর রশিদ, উজ্জ্বল কুমার নন্দী, সামি হুদা, অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল,      শামীমা (আইএলএফএসএল), রুনাই (আইএলএফএসএল), ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এন আই খান, সুকুমার মৃধা (ইনকাম ট্যাক্স আইনজীবী), অনিন্দিতা মৃধা, তপন দে, স্বপন কুমার মিস্ত্রি, অভিজিত্ চৌধুরী, রাজিব সোম, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ, অঙ্গন মোহন রায়, নংঙ্গো চৌ মং, নিজামুল আহসান, মানিক লাল সমাদ্দার, সোহেল সামস, মাহবুব মুসা, এ কিউ সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন ও পি কে হালদারের মা লিলাবতী হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে প্রয়োজনীয় নথি ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে আদালতকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ।

জানা গেছে, পিপলস লিজিং থেকে শত শত কোটি টাকা বেহাতের সঙ্গে জড়িত পি কে হালদার ও তার  ঘনিষ্ঠ ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন পাঁচ আমানতকারী। পিপলস লিজিংয়ে অর্থ আমানত রেখে এখন ফেরত না পেয়ে তারা দুর্বিষহ জীবন যাপন করছেন। সেই জীবনযাপনের বর্ণনা এফিডেভিট আকারে হাইকোর্টে দাখিল করে উক্ত নির্দেশনা চান সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নাশিদ কামালসহ পাচ আমানতকারী।

শুনানিতে দুদকের কৌঁসুলি বলেন, গত ২৮ ডিসেম্বর পি কে হালদারের ঘনিষ্ঠ অবন্তিকা বড়ালকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির হননি। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবন্তিকা যদি সত্ হতেন, তাহলে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতেন। তিনি বলেন, যেদিন দুদকে অবন্তিকাকে হাজির হতে বলা হয়েছে, সেদিনই পি কে হালদার বেসরকারি একাত্তর টিভিতে হাজির হয়ে নিজের পক্ষে সাফাই গেয়েছেন। দুদক গত সোমবার অঙ্গন মোহনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। এ পর্যায়ে আদালত বলেছে, কত জনকে এ পর্যন্ত নোটিশ দিয়েছেন? দুদকের কৌঁসুলি বলেন, অনেককেই দেওয়া হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। এজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দরকার।