পি কে হালদারের সাত সহযোগীকে দুদকে তলব

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:২২

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পি কে হালদার) সাত সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন থেকে তাদের কাছে এ তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। তলবকৃতদের আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে গত সোমবার পি কে হালদার সহকারী শংখ ব্যাপারীকে গ্রেফতার করে দুদক। পরে ঐ দিনই তাকে আদালতে হাজির করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

দুদক সূত্র জানায়, নোটিশে তলবকৃতদের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনকে ১১ জানুয়ারি হাজির হতে বলা হয়। এছাড়া, ন্যাচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদারকে ১২ জানুয়ারি এবং এমটিবি মেরিন লিমিটেডের অপর মালিক বাসুদেব ব্যানার্জি ও ন্যাচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জিকে ১৩ জানুয়ারি সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।