স্বামীর দাবি ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করেছেন বাড়িওয়ালা

কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:২৩

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম জামেনা খাতুন । গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোট) মর্গে রয়েছে। নিহত জামেনা খাতুনের স্বামীর দাবি, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় শ্বাসরোধ করে হত্যা করেছেন। তবে পুলিশ এ ব্যাপারে নিশ্চত হতে পারেনি।

জামেনার স্বামী আবুল কালাম বলেন, তিনি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। করোনা ভাইরাসের কারণে তার চাকরি চলে যাওয়ার পরে ভাড়া বাসার সামনে একটি পানের দোকানে কাজ করে সংসার চালাতেন তিনি। দুই মাসের বাড়ি ভাড়া বাকি ছিল। বাড়ি ভাড়া নিতে এসে বাসায় কাউকে না পেয়ে বাড়িওয়ালা তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে দিয়ে বিষপানে আত্মহত্যার প্রচার করে। তিনি আরো বলেন, ‘আমি বাসায় না থাকায় বাড়িওয়ালার লোকজন আমার স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার ওসি-তদন্ত মোস্তফা আনোয়ার জানান, ‘মিটফোর্ড হাসপাতাল থেকে খবর পেয়েছি এক নারী মারা গেছেন। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ডাক্তারের মৃত্যু সনদে বিষের কথা উল্লেখ আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’