কাতারের সঙ্গে সংহতি ও স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি আরবের আল-উলা শহরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে সোমবার সৌদি আরব সাড়ে তিন বছর আগে আরোপ করা অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে ফের যোগাযোগ চালু করার ঘোষণা দেয়। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। সংহতি ও স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এটি সমন্বিত উপসাগীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাতারের সঙ্গে পূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে সৌদি আরব এবং তার মিত্ররা। -আলজাজিরা
