সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নওগাঁয় ১ হাজার ৫৬টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপহার পাচ্ছেন নওগাঁয় ১১টি উপজেলায় ১ হাজার ৫৬টি অসহায় পরিবার। দেওয়া হবে তাদের সেমিপাকা এসব ঘর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারির মধ্যেই এসব ঘর জমিসহ সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। তবে উপকারভোগীদের এই সংখ্যা আরো বাড়তে পারে। মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর করতে সবমিলিয়ে খরচ হচ্ছে ১৮ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদরে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ১১০টি গৃহহীন পরিবারের জন্যে দ্রুত গতিতে ঘর নির্মাণ চলছে। নির্ধারিত দিনের মধ্যে কাজ শেষ হস্তান্তর করা সম্ভব হবে।
আরো পড়ুনঃ হারিয়ে যাওয়ার ১২ বছর পর বাড়ি ফিরল রিফাত
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন মামুন বলেন, জমি আছে কিন্তু বাড়ি করার মতো আর্থিক অবস্থানে ছিলেন না তাদের মধ্যে এই ঘরগুলো উপহার দেওয়া হবে। এসকল পরিবারের মানুষগুলো দিন আনে দিন খাওয়া মানুষ। প্রধানমন্ত্রীর দেওয়া এসকল ঘর পেয়ে গৃহহীন পরিবারগুলো অনেক উপকৃত হবেন।
নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহার স্বরূপ এ সকল আশ্রয়স্থল করে দিচ্ছেন। এই কাজ বাস্তবায়নে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সকাল হতে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী ১০ তারিখের মধ্যে শেষ হবে এসব বাড়ি নির্মাণের কাজ। এরপরই হস্তান্তর করা এসব বাড়ি।
ইত্তেফাক/এমএএম
