প্রসঙ্গ :স্ফুলিঙ্গ

হিসেবী নির্মাতা তৌকীরের গুনে গুনে ২৪ দিন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৪

বিনোদন রিপোর্ট

 

যেখানে অধিকাংশ নির্মাতা ১ মাসের প্ল্যান করে দেড় মাস পেরিয়ে যায় তবুও ছবি শেষ করতে পারেন না। ছবি শেষ হলেও নির্মাতা-কলাকুশলীদের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু নির্মাতা ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই প্রতিটি ছবির টেবিল ওয়ার্কে পূর্ণ সময় দেন তৌকীর আহমেদ। তাই তার ছবি নিয়ে তিনি সমালোচকদের দৃষ্টি ঝাঁপসা করে রাখেন নিজের কারিগরী মেধা দিয়ে।

এই গুণী নির্মাতা ‘স্ফুলিঙ্গ’ শিরোনামের নতুন একটি ছবির শুটিং শেষ করলেন। করোনার কারণে একটানা ২৪ দিনে শেষ করেছেন ছবিটির শুটিং। বাকি কাজ শেষে ছবিটি আগামী মার্চেই আসবে সিনেপর্দায়। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘করোনার কারণে এতদিন সবকিছুই প্রায় বন্ধ ছিল। এখনো যে করোনা চলে গেছে এমন নয়। আর সে কারণেই আমরা নিয়ম মেনে একটানা কাজ শুটিং শেষ করলাম। ইউনিটের সবাই এ ব্যাপারে দারুণ সহযোগিতা করেছে। আগামী মার্চেই দর্শকরা ছবিটি পর্দায় দেখতে পাবেন। এখন এ নিয়েই চিন্তা-ভাবনা চলছে।’

করোনাকালীন সিনেমা হল বন্ধ থাকায় দর্শকরা খুঁজেছেন বিকল্প মাধ্যম। তাই দর্শক চাহিদার কথা মাথায় রেখে অনেক দেশের নির্মাতারা তাদের চলচ্চিত্র মুক্তি দিয়েছেন ওটিটি প্লাটফর্মগুলোতে। সেই চর্চা এদেশের নির্মাতাদের ভেতর দেখা না গেলেও সম্প্রতি শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি মুক্তি দেওয়া হয় দেশীয় ওটিটি প্লাটফর্মে। যদিও অর্ধেক ছবি মুক্তি দিয়ে সমালোচিত হন নির্মাতা। সেক্ষেত্রে করোনার এই সময়ে তৌকীর আহমেদ তার নতুন ছবি মুক্তির বিষয়ে কী ভাবছেন এমন প্রশ্ন করতেই তিনি বলেন, ‘দেখুন, অনেকদিন পর সিনেমা হল খুলেছে। দর্শকরাও হলে কম আসছেন। তবু আমার পরিকল্পনা স্ফুলিঙ্গ ছবিটি আগে হলেই মুক্তি দেবো। তারপর পরিস্থিতি বুঝে ওটিটি বা অন্য মাধ্যমের কথা চিন্তা করবো।’

আমাদের দেশে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরে বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণ খুব সীমিতই বলা চলে। নির্মাণের ক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। তাছাড়া এ ধরনের চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের হলে টানাও অনেকটা দুঃসাধ্য একটি ব্যাপার। তৌকীর আহমেদ এ ধারার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একজন সফল নির্মাতার পাশাপাশি নতুন যারা এ ধরনের চলচ্চিত্র নির্মাণে আসতে চান তাদের পথপ্রদর্শক। তার নির্মিত ‘অজ্ঞাতনামা’, ‘জয়যাত্রা’, ‘হালদা’ ছবিগুলো তারই স্বাক্ষর বহন করে। ছবিগুলোতে মানুষের জীবনবোধের চিত্র চিত্রায়িত হয়েছে নিখুঁতভাবেই। এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘দেখুন, আমরা যারা এ ধরনের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণ করি তাদের বাজেট, সময় থেকে শুরু করে নানা ধরনের প্রতিবন্ধকতা পেরিয়েই ছবি নির্মাণ করতে হয়। তবে আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলে দর্শকরা দেখবেই। আজ না দেখলে ১শ বছর পরে দেখবে। তবে দেখবে। আর সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে আমি বলবো চেষ্টা করলে সব সম্ভব। সেটা আমার আগের ছবিগুলো দেখলেই বুঝবেন।’

নির্মাতা তৌকীর আহমেদ অভিনয় থেকে নির্মাণ, দুই জায়গাতেই অনেক নতুন আর মেধাবী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। তবে এবারই প্রথম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে কাজ করলেন। তার সঙ্গে কাজের প্রসঙ্গ আসতেই এই নির্মাতা বলেন, ‘আমি মনে করি পরীমনি অনেক ট্যালেন্ট শিল্পী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো। অনেক সুন্দর কাজ করেছে আমার ছবিতে। তার থেকে ঠিকমতো কাজ আদায় করে নিলে আমরা আরো ভালো কাজ পেতে পারি।’

স্ফুলিঙ্গ ছবিটিতে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে।