হূতিককে পেছনে ফেললেন ঊর্বশী!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৫

বিনোদন ডেস্ক

 

অভিনয়ের পাশাপাশি স্টাইল দিয়ে এরইমধ্যে বলিউডপ্রেমীদের মন জয় করে নিয়েছেন বলিউড তারকা ঊর্বশী রৌতেলা। নিজের ইনস্টাগ্রামে তার স্টাইল সেন্স জানান দেন নিয়মিতই। কঠোর পরিশ্রম আর দৃঢ়চেতা মনোভাবের কারণে নিজের প্রথম সিনেমা ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে আলোচনায় আসেন তিনি। একের পর এক হিট হচ্ছে তার সিনেমা ও মিউজিক অ্যালবাম। এমনকি নতুন বছরের এক আয়োজনে মাত্র ১৫ মিনিট উপস্থিতির জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে সবাইকে চমকে দেন তিনি। তাই নতুন বছরে আর কোন চমক আসছে তার কাছ থেকে এমন খবর পেতে মুখিয়ে আছে দর্শকরা। এমন সময় আরো এক খবরে শিরোনাম হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সুপারস্টার হূতিক রোশনকে পেছনে ফেললেন তিনি। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, এবার ইনস্টাগ্রামে নতুন রেকর্ড করলেন ঊর্বশী। অনুসারির দিক থেকে বলিউড সুপারস্টার হূতিক রোশনকে ছাড়িয়ে গেলেন তিনি। বর্তমানে ইনস্টাগ্রামে হূতিকের ফলোয়ার ৩৩.৩ মিলিয়ন। অন্যদিকে ঊর্বশীর ফলোয়ার ৩৩.৬ মিলিয়ন!

উল্লেখ্য, বলিউডে পোক্ত আসন গড়ার পাশাপাশি অভিনয়, মডেলিং ও সংগীতের জগতের অনেক তরুণের অনুপ্রেরণা এখন তিনি। এছাড়া এ বছরই ‘ব্ল্যাক রোজ’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে।