রে জা উ ল ক রি ম খো ক ন
নব্বই দশকে দক্ষিণী মালায়লম চিত্রলোকে সফট পর্ণো ধাঁচের সিনেমায় নায়িকা সেজে রীতিমতো ঝড় তুলেছিলেন শাকিলা। ভীষণ দরিদ্র পরিবারের মেয়ে নিতান্তই পেটের দায়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে যৌনতানির্ভর ছবিগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। সমসাময়িক অনেক বিখ্যাত অভিনেত্রী তার ঊর্ধ্বমুখী সাফল্যে রীতিমতো ঈর্ষা করতেন। সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয়ের সুবাদে সুপারস্টারে পরিণত হয়েছিলেন। দক্ষিণী সিনেমার সেই আলোচিত ‘বিতর্কিত নায়িকা’ শাকিলার বাস্তব জীবনের নাটকীয় গল্প নিয়ে নির্মিত ‘শাকিলা’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। বলিউডে প্রায় এক দশক আগে একই ধাঁচের আরেক বিতর্কিত চিত্রতারকা সিল্ক স্মিতার বাস্তব জীবনের কাহিনি নিয়ে আবর্তিত ‘দ্য ডার্টি পিকচার’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের চমক দেখিয়েছিলেন মেধাবী অভিনেত্রী বিদ্যা বালান। এবার ‘শাকিলা’ ছবিতে তেমনি ধরনের একটি চরিত্রে অনবদ্য অভিনয়ের চমক দেখালেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। সাধারণভাবে বেশ কিছু অফট্রাকের সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে তার বিশেষ পরিচিতি গড়ে ওঠেছে। ‘গ্যাস অব ওয়াসিপুর’, ‘মাসান’, ‘সর্বজিত্’, ‘ফুকরে’, ‘দাস দেব’, ‘লাভ সোনিয়া’, ‘ক্যাবরেট’, ‘সেকশন ৩৭৫ : মর্জি ইয়া জবরদস্তি’, ‘পাঙ্গা’ প্রভৃতি সিনেমায় দর্শক রিচাকে দেখেছেন অসাধারণ অভিনয়ের চমক দেখাতে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী তার মেধা ও যোগ্যতার স্বীকৃতি পেয়েছেন ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে। পাঞ্জাবি মেয়ে রিচা বেড়ে উঠেছেন দিল্লিতে। সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ার ওপর ডিপ্লোমা করা এই তরুণী মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর মঞ্চ নাটকে যোগ দেন। নাটকে অভিনয়ের জন্য ভারতের সীমা পেরিয়ে পাকিস্তানেও গেছেন রিচা। ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক। তবে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে গ্রামের এক মুখরা রমনীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের চমক দেখিয়ে সবার নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। সেই থেকে শুরু রিচার জয়যাত্রা। যে কোনো ধরনের ব্যতিক্রমধর্মী জটিল চ্যালেঞ্জিং চরিত্রের গভীরে ঢুকে তা যথাযথভাবে রূপায়নের অসাধারণ দক্ষতা রয়েছে তার। গত বছর ধর্ষণের শিকার এক তরুণীর পক্ষে মামলায় লড়াই করা নারী আইনজীবীর ভূমিকায় চমত্কার অভিনয় করতে দেখেছেন দর্শক ‘সেকশন ৩৭৫’ ছবিতে। চলতি বছরের শুরুর দিকে নারী কাবাডি খেলোয়াড়দের বাস্তবজীবনের নাটকীয়তা নিয়ে আবর্তিত ছবি ‘দাঙ্গা’য় একজন কোচের ভূমিকায় দেখা গেছে রিচাকে। এবার ‘শাকিলা’ ছবিতে একজন পর্নো সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে গিয়ে আবারও অবাক করে দিয়েছেন সবাইকে। যারা ছবিটি দেখেছেন তারা অভিনেত্রী রিচাকে বেমালুম ভুলে গেছেন, তাদের চোখের সামনে মালায়লম সিনেমার পর্নো অভিনেত্রী শাকিলাই মূর্ত হয়ে ওঠেছেন। এখানেই রিচা বাড্ডার সাফল্য। তবে ‘শাকিলা’ ছবিটি দেখতে বসে অনেক দর্শকই ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানের সঙ্গে রিচার অভিনয়ের তুলনা করেছেন। ব্যাপারটি একই সঙ্গে বিব্রত এবং পুলকিত করেছে রিচাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু দুটি সিনেমার গল্প এবং প্রধান চরিত্র প্রায় একই ধরনের, দুটি ছবিই দক্ষিণী সিনেমার জগতকে কেন্দ্র করে—সেক্ষেত্রে তুলনা আসাটা স্বাভাবিক। আমি তো শিহরিত হয়েছি বিদ্যা বালানের মতো একজন উঁচুদরের অভিনেত্রীর সঙ্গে আমার তুলনা হচ্ছে দেখে।’ রিচা চাড্ডা অভিনীত দুটি নতুন সিনেমা ‘আবি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’ এবং ‘লাহোর কনফিডেনশিয়াল’ মুক্তি প্রতীক্ষায় রয়েছে। এর মধ্যে ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে একজন নারীর সিক্রেট এজেন্ট অনন্যার ভূমিকায় দেখা যাবে।
