বরিশালে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:৪৬

বরিশাল মুলাদী উপজেলার রামারপুল গ্রামে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক যুবতী (১৮) ধর্ষণের দায়ে তরিকুল হাওলাদার মোরসালিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।  

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্ত মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে।  

আরো পড়ুনঃ পুলিশের ১৫ ডিআইজিকে নতুন কর্মস্থলে পদায়ন

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল ওই প্রতিবন্ধী যুবতীকে একা বাড়িতে রেখে তার মা অন্যত্র বেড়াতে যায়। এই সুযোগে পরদিন ২৬ এপ্রিল তাদের রান্নাঘরে ঐ প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে মোরসালিন।  তার ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার আগেই মোরসালিন পালিয়ে যায়। এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।  একই বছরের ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামী মোরসালিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উপরোক্ত দণ্ডাদেশ দেন।

ইত্তেফাক/এমএএম