কোয়ারেন্টিনে বিরক্ত নয় ভারত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২০

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। ১-১ সমতা থাকা সিরিজে কে এগিয়ে যাবে এনিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু সব ছাপিয়ে ভারত-অস্ট্রেলিয়ার গণমাধ্যম জুড়ে শুধুই ব্রিসবেন টেস্ট। কোয়ারেন্টিন বিধি মেনে সিরিজের শেষ ম্যাচটি খেলবে তো ভারত? এমন প্রশ্নই সবখানে। তবে ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে জানিয়েছেন, কোয়ারেন্টিনে বিরক্ত নয় তার দল।

অস্ট্রেলিয়ায় করোনার নতুন হটস্পট হিসেবে চিহ্নিত সিডনি শহর। তাই এখান থেকে অন্যান্য শহরে যেতে হলে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। ভারতের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। কিন্তু ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য মতে, কোয়ারেন্টিন মেনে ব্রিসবেনে খেলতে চায় না ভারত। এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছুই আসেনি। তবে রাহানের কথার পর টেস্টটি নিয়ে আশাবাদী হওয়াই যায়।

বুধবার রাহানে বলেন, 'আমরা কেউই বিরক্ত নই। হ্যাঁ, কোয়ারেন্টিনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। বিশেষ করে সিডনিতে। তবে তাতে একটুও বিরক্ত নই আমরা। আমরা ক্রিকেট খেলতে এসেছি আর সেটাই করতে চাই। বাকিটা বোর্ড জানে।' 

একই প্রসঙ্গে কথা বলতে হয়েছে অজি অধিনায়ক টিম পেইনকেও, 'আমি মনে করি এই টেস্ট বেশ আকর্ষণীয় হবে, শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ থেকেই নয়। অজানা সূত্রের খবরে দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে, তারা চতুর্থ টেস্ট অন্য জায়গায় খেলতে চায়, সেখানে যাবে না। দেখা যাক, কী হয়।'

অ্যাডিলেডে '৩৬' লজ্জার পর মেলবোর্নে ৮ উইকেটের অবিস্মরণীয় জয় দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তবে গত ম্যাচের মতো সিডনিতেও পরিবর্তন নিয়ে মাঠে নামবে সফরকারীরা। রোহিত শর্মাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আর টেস্ট অভিষেক হচ্ছে পেসার নবদ্বীপ সাইনির। পরিবর্তন আসছে অস্ট্রেলিয়া একাদশেও। ওপেনিংয়ে নিশ্চিতভাবেই দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে।

ইত্তেফাক/এসআই