রিং শাইনের আর্থিক অবস্থা খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৭

 ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারের বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের আর্থিক অবস্থা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে এ দায়িত্ব দিয়েছে বিএসইসি। রিং শাইন বন্ধ থাকা, কোম্পানিটির লোকসানের কারণ ও ব্যবস্থাপনার অবস্থা খতিয়ে দেখবে এ নিরীক্ষা প্রতিষ্ঠান। এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে করোনার কারণে কাঁচামাল ও রপ্তানি আদেশের সংকটে সাময়িকভাবে কোম্পানিটি লে-অফ ঘোষণা করে।

২০১৯ সালের ডিসেম্বরে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই অর্থে কোম্পানির জন্য যন্ত্রপাতিসহ নানা সামগ্রী অধিগ্রহণ ও ব্যাংক ঋণ পরিশোধ করার কথা ছিল। আর এতে আর্থিক অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছিল কোম্পানিটি। তবে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের পরেও কোম্পানির আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং বছরের পর বছর অবনতি হচ্ছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ডিইপিজেডে অবস্থিত রিং শাইন টেক্সটাইল কোম্পানিটি।