গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১ -এর সদস্যরা। এ সময় এক নারীসহ তিন জনকে আটক করা হয়েছে। বুধবার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার সফি উদ্দিনের ছেলে মো. আল ইমরান, কক্সবাজার পৌর এলাকার পেশকারপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম বাপ্পি ও গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার মেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃতরা জানায়, তারা কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারি বিক্রি করত।
