সড়ক দখলমুক্ত করতে জিরো টলারেন্স অব্যাহত থাকবে :আতিকুল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

তেজগাঁওয়ের উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়কের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার উন্নয়ন কাজ শেষ হওয়ার পর সড়কটি উদ্বোধন করেন তিনি। ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে উদ্বোধন করা সড়কটির দৈর্ঘ্য ৬৫৬ মিটার। এতে ৬৫৬ মিটার পাইপ ড্রেন এবং ৫৯০ মিটার ফুটপাত রয়েছে।

উদ্বোধনের পরে মেয়র বলেন, ‘আমরা চাই এই ঢাকাকে একটি সুন্দর ঢাকায় রূপান্তরিত করার জন্য। আমরা জানি যে, আমাদের অনেক সমস্যা আছে। কিছু সমস্যা মানুষের তৈরি। আমরা দেখেছি কীভাবে রাস্তাগুলোকে দখল করে রাখে।’

খাল পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘দখলদার যেই হোক না কেন, যত শক্তিশালীই হোক না কেন, যত বড় রাজনৈতিক ব্যক্তি হোক না কেন, অবৈধভাবে দখল করে রাখবে, এটি আমি মানতে পারব না। যারা অবৈধভাবে খাল এবং রাস্তা দখল করেছেন তাদের জন্য আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি প্রমুখ উপস্থিত ছিলেন।