ভ্যাকসিন ক্রয়ে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিতে ক্ষতি হচ্ছে দেশের ---------------- বিএনপি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:৩৫

করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তড়িঘড়ি করে করোনার টিকা কেনার জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও রাখা হয়েছে বিশাল দুর্নীতির সুযোগ। ভ্যাকসিন ক্রয় করতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে (বেক্সিমকো) চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ পড়বে। যদি কয়েক কোটি ভ্যাকসিন আমদানিও হয়, সাধারণ মানুষ আদৌ সেই ভ্যাকসিন পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ড. মোশাররফ বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহ নিয়ে সরকারের মন্ত্রীদের ও বেক্সিমকোর প্রধান নির্বাহীর বিভিন্ন ধরনের বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে জি টু জি চুক্তি হয়েছে বলে সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। আবার বেক্সিমকোর পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের সঙ্গে নয়, চুক্তি হয়েছে বেক্সিমকোর সঙ্গে বা বাণিজ্যিক চুক্তি। মূলত স্বার্থান্বেষী মহলকে খুশি রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, সরকারের অদূরদর্শিতা ও লুটপাটের নীতির কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এর থেকে উত্তরণের জন্য সরকারকে অনতিবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ ও বিতরণব্যবস্থা সম্পর্কে সুষ্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এ সময় তিনি ভ্যাকসিন সরবরাহের জন্য অতিদ্রুত বিকল্প উত্স খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত গাইডলাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই গাইডলাইন অনুযায়ী যাদের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার রয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের পরিবর্তে অন্যদের এই ভ্যাকসিন দেওয়ার প্রস্তাবনা রয়েছে সরকারের প্রণীত নীতিমালায়। সাধারণ মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন-উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।