ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ আহ্বান জানান। একই সঙ্গে করোনাকালে বাংলাদেশের প্রায় ৭ লাখ প্রবাসীকে দেখভাল, সম্প্রতি বিমান যাতায়াত চালু করে প্রায় ৪০ হাজার আটকা পড়া শ্রমিককে ফেরত নেওয়ায় তাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তথ্য আদান-প্রদানসহ দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে বলে উল্লেখ করেন তিনি। বদর আল বুসাইদি ওমানের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।
