কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারের দাম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩১

অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন ও এডিএন টেলিকম। শেয়ারের দাম বাড়ার কারণ জানতে চাইলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য দিয়েছে কোম্পানি দুটি। গতকাল বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। তথ্যমতে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৬ জানুয়ারি কোম্পানি দুটিকে চিঠি দেয় ডিএসই। ঐ চিঠির জবাব কোম্পানি দুটি জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ ডিসেম্বর অ্যাক্টিভ ফাইনের শেয়ারের দাম ছিল ১৬ দশমিক ৯০ টাকা। আর ৬ জানুয়ারি শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৯০ টাকা। ফলে ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা। আর গত ২০ ডিসেম্বর এডিএন টেলিকমের শেয়ারের দাম ছিল ৫২ দশমিক ৩০ টাকা। আর ৬ জানুয়ারি শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৫০ টাকা। ফলে ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২০ টাকা।