মনিরামপুরের খালিয়া গ্রামে ধানখেত থেকে বৃহস্পতিবার এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আ. জলিল বিশ্বাস (৬০)। জলিলের স্ত্রী শাহিদা বেগম জানান, তার স্বামী ঐ গ্রামের মাদ্রাসা মোড়ে দীর্ঘ ২০ বছর ধরে চা বিক্রি করেন। বৃহস্পতিবার ফজরের আজানের আগেই দোকান খোলার জন্য গিয়েছিলেন। ভোরে আবু তালেব নামের এক ব্যক্তি খেজুরের রস আনতে গিয়ে ধানখেতে জলিলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার জানান, প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
