অটোভ্যান ও ইজিবাইকের কারণে যানজট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী বাজার বিশ্ব রোড সংলগ্ন ধানগড়া বাসস্ট্যান্ড সিএনজি গ্যারেজ, হাটপাঙ্গাসী বাজারের গ্রামপাঙ্গাসী রোড, খলিল মোড়, ফজলের মোড় এলাকায় যানজট লেগেই থাকে। মূলত এসব স্থানে অটোভ্যান ও ইজিবাইক যত্রতত্র পার্কিং করার জন্যই এই যানজট। অধিকাংশ অটোভ্যান ও ইজিবাইক চালকই অদক্ষ ও অপরিণত বয়সের। এরা কোনো কিছু বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কিছু বলতে গেলেই পড়তে হয় এদের রোষানলে। অটোভ্যানগুলোর নেই কোনো সিগন্যাল লাইট। রাস্তায় চলার সময় এদের চালকরা কাউকে সিগন্যাল দেয় না, কেউ সিগন্যাল দিলেও তোয়াক্কা করে না। অটোভ্যান ও ইজিবাইকগুলো সড়কের ফুটপাত দখল করে যেখানে সেখানে পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী চানপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ