বিএনপি নেতা বকুলের ছেলের বিরুদ্ধে ‘লাভ জিহাদের’ প্রমাণ পায়নি ভারতীয় পুলিশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:৪০

বাংলাদেশের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের ছেলের বিরুদ্ধে ভারতের চেন্নাইয়ের এক ব্যবসায়ী কথিত ‘লাভ জিহাদের’ যে অভিযোগে মামলা করেছিলেন তার সত্যতা খুঁজে পায়নি দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গত মে মাসে ঐ ব্যবসায়ী দাবি করেন, তার মেয়েকে ‘লন্ডনে অপহরণ করে ধর্মান্তরের’ মাধ্যমে বিয়ে করেছেন বকুলের ছেলে নাফিজ। কিন্তু গোয়েন্দা পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, এই ঘটনায় লাভ জিহাদের প্রমাণ পাওয়া যায়নি।

চেন্নাইয়ের ঐ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সেখানে বকুলের ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় গত মে মাসে। মামলায় বলা হয়েছে, চেন্নাইয়ের ঐ ব্যবসায়ীর মেয়ে লন্ডনে পড়তে গিয়ে উগ্রপন্থি একটি গ্রুপের চক্করে পড়ে, যে গ্রুপে বাংলাদেশিরাও আছে। টাইমসনাউ নিউজ লিখেছে, সাবেক বিএনপি এমপি বকুলের ছেলে সরকার নাফিজ ভারতীয় ঐ ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তাকে ‘ধর্মান্তরে বাধ্য করে অপহরণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। আর ঐ উগ্রপন্থি গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সুপরিচিত ইসলামি বক্তা জাকির নায়েককেও এ মামলায় আসামি করা হয়। ভারতীয় দণ্ডবিধির আওতায় ষড়যন্ত্র, অপহরণ, মানব পাচার, যৌন অসদাচরণ, আটকে রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে। বিষয়টি তামিলনাড়ু পুলিশ এনআইএ-কে তদন্তের ভার দেয়। এরপর ভারতীয় কর্মকর্তারা মেয়েটির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তিনি জানিয়ে দেন, নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি মুসলিম যুবককে বিয়ে করেছেন। তাকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি।’ তদন্ত শেষ হয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, খুব দ্রুত আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ছেলের নামে মামলা হওয়ার পর বকুল বিভিন্ন গণমাধ্যমকে বলেন, অপহরণের অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। আমার ছেলে ও পুত্রবধূ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ত। তারা বুঝে-শুনে বিয়ে করেছে। ব্রিটেনের বার্মিংহাম পুলিশ এই বিষয়টি জানে।