চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ভাঙা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বাড়ির আইনগত মালিক দাবি করে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ফরিদ চৌধুরী নামে এক ব্যক্তির পরিবার। আগের দিন বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ঐ বাড়ির দখল ও অবস্থানের ওপর স্থিতাবস্থা জারি করে। সেসঙ্গে ঐতিহাসিক বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ঐ স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত।
গতকালের সংবাদ সম্মেলনে ফরিদ চৌধুরীর বড় ছেলে ফরহাদ চৌধুরী নিজেদের ঐ জায়গার বৈধ মালিক বলে দাবি করে বলেন, আমরা কারো জায়গা দখল করিনি। আমরা ভূমিদস্যু নই। যাত্রামোহন সেনগুপ্তের পরিবারের একমাত্র ওয়ারিশ মিলন কান্তি সেনগুপ্ত। আমরা তার কাছ থেকে এই জমি বায়নানামা করে ক্রয় করি। পরে মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আদালত আমাদের পক্ষে ডিক্রি দেয়। যাত্রামোহন সেনগুপ্তকে শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বর্ণনা করে ফরহাদ বলেন, তিনি বাংলার জন্য অনেক করেছেন। রহমতগঞ্জ এলাকার আশেপাশে উনাদের অনেক সম্পত্তি ছিল। ঐ জায়গাটি যদি ঐতিহাসিক হয়, তাহলে আশপাশের ফ্ল্যাট বাড়িগুলো কেমনে হলো, তখনতো প্রতিবাদ হয় নাই। আমরা ঐ জায়গার জন্য ১৫ বছর ধরে আদালতে লড়েছি।
যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষার আন্দোলনে নেতৃত্বদানকারী অ্যাডভোকেট রানা দাশগুপ্তের উদ্দেশে ফরহাদ চৌধুরী বলেন, ঐ স্থানে এক রাজাকারপুত্র শিশুবাগ নামে একটি স্কুল পরিচালনা করছেন। তখন উনি (রানা দাশগুপ্ত) কোথায় ছিলেন। একতরফা ডিক্রি নিয়েছি কীভাবে বলেন? আমি, আমার পরিবার, আমার বংশ কখনো জায়গা দখল করিনি। জায়গা বুঝিয়ে দিয়েছে আদালত। ফরহাদ চৌধুরী বলেন, উনি (রানা দাশগুপ্ত) শ্রদ্ধেয় হলেও অনেক বিষয়ে বিতর্কিত। ঐ বাড়ি দখলে বাধা দিয়ে উনার কী লাভ? ব্যক্তিস্বার্থে উনি এসব কাজ করছেন।
সংবাদ সম্মেলনে ফরিদ চৌধুরী পরিবারের আইনজীবী আরেফিন বলেন, রহমতগঞ্জ এলাকার জায়গাটি মিলন কান্তি সেনগুপ্তের কাছ থেকে কিনে নিয়েছেন ফরিদ চৌধুরী। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা আদালতের আদেশ অমান্য করে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
