দিরাইয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

বাসচালক শহীদ রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:৪১

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার বাসচালক শহীদ মিয়াকে (২৬) তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে দিরাই জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন।

শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে। ২ জানুয়ারি ভোরে সিআইডি পুলিশ সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করে। এর আগে ২৭ ডিসেম্বর গভীর রাতে হেলপার রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে গ্রেফতার করে পিবিআই। হেলপার রশিদ ২৯ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিকালে সিলেটের লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন ঐ কলেজছাত্রী। এ সময় চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ঐ ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। এ ঘটনায় ঐ রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদসহ তিন জনকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।